মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭
সারাদেশ

চট্টগ্রামে ছাত্রদল নেতাকে গুলি করে পঙ্গু করার অভিযোগ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
19-11-2026 786 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
চট্টগ্রামে ছাত্রদল নেতাকে গুলি করে পঙ্গু করার অভিযোগ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে তুলে নিয়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার অভিযোগে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, দায়ীদের শনাক্ত এবং স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।


এ রিটের পরিপ্রেক্ষিতে গত ১৭ নভেম্বর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুল জারির পাশাপাশি ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


বুধবার (১৮ নভেম্বর) আইনজীবী আমীনূর রহমান শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে মো. সাইফুল ইসলামের পক্ষে রিটটি দায়ের করেন। রিট পিটিশন নম্বর ১৪৩১১/২০২৬। এতে বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।


রিটের বিবরণ অনুযায়ী, সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ করা হয়, ২০২১ সালের ১৬ জুন রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার জামান হোটেল থেকে সাদা পোশাকে পুলিশ সদস্যরা তাঁকে একটি সাদা প্রাইভেটকারে তুলে নিয়ে যান।


পরদিন ১৭ জুন রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাত স্থানে নিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় এবং বাম হাঁটুতে পরপর দুটি গুলি করা হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে।


পরে বায়েজিদ বোস্তামী থানার অস্ত্র আইনের একটি মামলায় (মামলা নম্বর-৩৪, তারিখ ১৬ জুন ২০২১) তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাম পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়। এতে তিনি স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন এবং স্বাভাবিক জীবন ও কর্মক্ষমতা হারান।


রিটে আরও বলা হয়, অস্ত্র আইনের ওই মামলায় গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে খালাস দেন। বিচারিক কার্যক্রমে সাক্ষীদের বক্তব্য, জব্দতালিকা ও তদন্তের বিভিন্ন অসংগতি উঠে আসে। তবে কে গুলি চালিয়েছিল, কী পরিস্থিতিতে গুলি করা হয়েছিল এবং কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, সেসব প্রশ্নের সন্তোষজনক নিষ্পত্তি হয়নি।


আইনজীবীর বক্তব্য অনুযায়ী, সংবিধানের ৩১, ৩২, ৪৪ ও ১০২ অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকার, ঘটনার স্বাধীন তদন্ত এবং স্থায়ী শারীরিক ক্ষতির জন্য পাঁচ কোটি টাকা জনআইনগত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়েছে।


গত ১৭ নভেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রুল জারি করেন। রুলে অতিরিক্ত ও অবৈধ বল প্রয়োগ করে সাইফুল ইসলামকে গুলি করে স্থায়ীভাবে পঙ্গু করার অভিযোগে কেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।


পাশাপাশি ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন, গুলি করার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। কমিটিকে ছয় মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আইনজীবী আমীনূর রহমান শেখ বলেন, এ উদ্যোগ কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিহিংসামূলক নয়; বরং আইনের শাসন, রাষ্ট্রীয় জবাবদিহি, নাগরিকের মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি সাংবিধানিক পদক্ষেপ। তিনি এ বিষয়ে আদালতের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।