আমান উল্যাহ আমান, গাজীপুরে প্রতিনিধি :
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বুধবার সকাল থেকে মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এ সময় ডেগেরচালা রোড এলাকায় গাজীপুর মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রথমে কারখানার ভেতরে অবস্থান নেন।
পরে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে ডেগেরচালা রোড এলাকায় পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ভোগড়া মডেল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নেভায়।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তারা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন। সুযোগ পেলেই আবার সড়কে নেমে আসছেন।
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও সাধারণ মানুষ। চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও পথচারীরা।
বেলা সোয়া ১১টা পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থানের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।