ইশতাক আলী চৌধুরী সিলেট স্টাফ রিপোর্টার : ৩ অক্টোবর ২০২৬ সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বেতন বৃদ্ধির আন্দোলনকে ঘিরে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। আন্দোলন চলাকালে হাসপাতালে আসা সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীকে ঘিরে 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে নগরের তালতলা এলাকায় পার্কভিউ হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিবরণ:
জানা যায়, শনিবার সকাল থেকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ঘোষণা দিয়ে আন্দোলনে নামেন হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারীরা। হাসপাতালের ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধেও তারা আন্দোলন থেকে সরে আসেননি।
দুপুরের দিকে হাসপাতালে যান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় আন্দোলনকারী শ্রমিকদের কয়েকজন তাকে ঘিরে 'ভুয়া ভুয়া' স্লোগানসহ বিভিন্ন আপত্তিকর স্লোগান দেন। এরপর থেকে হাসপাতালে উত্তেজনা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্লোগানের পর হাসপাতালের সেমিনার হলে স্লোগানদাতা সন্দেহে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়। এ সময় এক কর্মচারীকে পুলিশ আটক করে হ্যান্ডকাপ পরায়। পরে ওই কর্মচারী ইমদাদ হোসেন চৌধুরীর পা ধরে ক্ষমা চান।
শ্রমিকদের অভিযোগ:
কর্মচারীদের অভিযোগ, ক্ষমা চাওয়ার সময় তাকে বহিরাগত কয়েকজন মারধর করে। তিনি কক্ষ থেকে বের হওয়ার পর লিফটের সামনে আরেক দফা মারধর করা হয়। মারধরকারীরা বিএনপির নেতাকর্মী বলে অভিযোগ তাদের।
পার্কভিউ মেডিকেলের পরিচ্ছন্নতা শাখার কর্মচারী আহমদ আল জুবের জানান, "স্লোগান দেওয়ার কারণে আমরা ইমদাদ হোসেন চৌধুরীর কাছে ক্ষমা চেয়েছি। এরপর আমাদের উপর হামলা চালানো হয়। এতে আমাদের ৩০ জন কর্মী আহত হয়েছেন।"
আরেক কর্মচারী বলেন, "আমি ১৭ বছর বিএনপি করেছি। আজ বিএনপির লোকজনই আমার উপর হামলা চালিয়েছে। স্লোগান দেওয়ার জন্য ক্ষমা চেয়েছি, তারপরও আমাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।"
এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।