ইশতাক আলী চৌধুরী স্টাফ রিপোর্টার | ১৮ সেপ্টেম্বর ২০২৬ : পাকিস্তান আন্দোলনের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর পারিবারিক ইতিহাস নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি বলেন, জিন্নাহ হিন্দু ছিলেন এবং তার বাবা মাছ বিক্রি করতেন। তার প্রকৃত নাম ছিল ‘জিন্নাহ পুঞ্জা’।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কি বলেছেন ফজলুর রহমান?
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুরের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন,
> "মুহাম্মদ আলী জিন্নাহর বাড়ি ছিল গুজরাটে। গুজরাটের একটি মাছ বিক্রেতা পরিবারে তার জন্ম। জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন। সেখানে যারা মাছ বিক্রি করতেন, তাদের ‘পুঞ্জা’ বলা হতো। তার প্রকৃত নাম ছিল জিন্নাহ পুঞ্জা। তিনি হিন্দু ছিলেন। মাছ বিক্রি করার কারণে উচ্চবর্ণের হিন্দু সমাজ তাদের ঘৃণা করত। সেজন্য পরবর্তী সময়ে তারা মুসলমান হয়ে যান এবং নাম পরিবর্তন করে রাখেন মুহাম্মদ আলী জিন্নাহ।"
জিন্নাহর রাজনৈতিক জীবন প্রসঙ্গে:
বক্তব্যে জিন্নাহর রাজনৈতিক পরিবর্তনের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, জিন্নাহ প্রথমে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, পরে ১৯১৩ সালে মুসলিম লীগে যোগ দেন। ১৯১৬ সালের লখনৌ চুক্তি এবং ১৯২৯ সালে ঘোষিত তার ১৪ দফা মুসলমানদের স্বায়ত্তশাসন ও রাজনৈতিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পাকিস্তান তৈরিতে বাঙালিদের ভূমিকা স্বীকার করে তিনি বলেন, "পাকিস্তান আমরা সবাই মিলেই বানাইছিলাম, আমরা তো অস্বীকার করি না। কিন্তু বানাইয়া যখন দেখলাম পাকিস্তান ভালো না, তখন ৫২ সালেই আমরা ফাইট শুরু করলাম।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলফারুন নাহার রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।