ইশতাক আলী চৌধুরী সিলেট প্রতিনিধি | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ : সিলেটে একটি হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। এর মধ্যে এক ছাত্রকে হাত-পা বেঁধে মারধরের দৃশ্য ভিডিও কলে দেখিয়ে এবং ভিডিও পাঠিয়ে তার বাবার কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় দুজনের অভিভাবক নগরের শাহপরান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ দুই ছাত্রের পরিচয়:নিখোঁজ হওয়া দুই ছাত্র হলো তামিম আহমেদ ও সাঈদ মাসুদ চৌধুরী (নাঈম)। দুজনেরই বয়স ১৫ বছর। তারা দুজনই সিলেটের খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগে পড়ে। তামিম দক্ষিণ সুরমা থানার বড়াইকান্দি এলাকার আবদুস সাত্তারের ছেলে এবং সাঈদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মউগ্রামের বেবুল আহমদের ছেলে।
কিভাবে নিখোঁজ হলো? মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক ও পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ফজরের নামাজের ফাঁকে ওই দুজন মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসার পরিচালক তোফায়েল আহমেদ জানান, "গত মঙ্গলবার ফজরের নামাজের সময় ওই ছাত্র দুজন মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এর আগে তামিম আরও দুবার মাদ্রাসা থেকে না বলেই বাসায় চলে গিয়েছিল। পরে তার বাবা এসে দিয়ে গিয়েছিলেন। বিষয়টি তাদের মা-বাবাকে জানাই।"
ইমোতে নম্বরবিহীন অ্যাকাউন্ট থেকে হুমকি:
সাঈদের বাবা বেবুল আহমদ বলেন, "মাদ্রাসা থেকে বাসায় গেছে কি না, এ বিষয়ে জানতে মাদ্রাসার হুজুর কল দিয়েছিলেন। আমরা জানাই যে সে (নাঈম) আসেনি। সিলেটের বিভিন্ন জায়গায়ও খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও পাওয়া যায়নি।"
তিনি জানান, বৃহস্পতিবার সকালে তার ইমোতে একটি নম্বরবিহীন অ্যাকাউন্ট থেকে ভয়েস পাঠিয়ে টাকা দাবি করা হয়। ইমোর অ্যাকাউন্টে কোনো নম্বর দেখা যাচ্ছিল না। সন্ধ্যার পর একই অ্যাকাউন্ট থেকে ভিডিও কলে তার ছেলেকে হাত-পা বেঁধে রাখা অবস্থায় মারধর করার দৃশ্য দেখানো হয় এবং ভিডিও পাঠানো হয়।
বেবুল আহমদ বলেন, "পরে একটি বিকাশ নম্বর দিয়ে এক লাখ টাকা পাঠাতে বলে। নয়তো আমার ছেলেকে তারা মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।" কে বা কারা অর্থ দাবি করছে, তা তিনি জানেন না।
তামিমের বাবা আবদুস সাত্তার বলেন, তার ছেলে এর আগেও দুবার মাদ্রাসা থেকে বের হয়ে বাড়িতে চলে গিয়েছিল। এবারও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
পুলিশের বক্তব্য:
শাহপরান থানা পুলিশ জানিয়েছে, দুটি পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জিডি করা হয়েছে। ইমো অ্যাকাউন্ট ও বিকাশ নম্বরের সূত্র ধরে ছাত্রদের উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।