মোঃ ফারুক মিয়া নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বিদ্যালয় পরিচালনা কমিটির নিয়ন্ত্রণ ও পূর্বশত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১জন নিহত ও ২৮জন আহত হয়েছেন।
উপজেলার রানিচাপুর গ্রামে গত বুধ ও বৃহস্পতিবার দুদিন উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত হওয়া শাহ্ আলমগীর (২৩) শুক্রবার সকালে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ঐ গ্রামের নূরুল হক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত শাহ্ আলমগীর চাকুয়া ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগ্যাল মিয়া ও উপজেলা কৃষকদলের সদস্য জালাল মিয়ার সমর্থক ছিলেন। তাদের প্রতিপক্ষ হিসেবে ছিলেন চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের অনুসারীরা।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিরুদ্দিন জানান, দু-পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং দুটো মামলাই নথিভুক্ত করা হয়েছে। ঘটনার নিবিড় তদন্ত চলছে ও তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান ওসি।