পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আটপাড়া আলীপুর দরবার শরীফের উদ্যোগে এ জশনে জুলুসের আয়োজন করা হয়।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মপ্রাণ মুসল্লিরা নানা কর্মসূচির মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করছেন। এরই ধারাবাহিকতায় আটপাড়া উপজেলায় আয়োজন করা হয় বর্ণাঢ্য জশনে জুলুস।
আটপাড়া আলীপুর দরবার শরীফের হযরত শাহ সুফি সৈয়দ মতিউর রহমান (নূর মিয়া) শাহ্ দরবার শরীফের পক্ষ থেকে আয়োজিত এ জশনে জুলুসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মুরিদান, ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
জশনে জুলুসে উপস্থিত ছিলেন দরবার শরীফের প্রধান শাহজাদা পীরে কামেল সৈয়দ মহব্বত শাহ আল কাদেরী পীর সাহেব। এ সময় অংশগ্রহণকারীরা ধর্মীয় স্লোগান, দরুদ ও সালাম পাঠের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।
জশনে জুলুসকে কেন্দ্র করে আলীপুর দরবার শরীফ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আবহে শান্তিপূর্ণভাবে জশনে জুলুসের কার্যক্রম সম্পন্ন হয়।
পরে আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।