ইসতাক আলী চৌধুরী সিলেট স্টাফ রিপোর্টার :
সিলেটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) দাপ্তরিক কার্যক্রম। মঙ্গলবার (২৫ আগস্ট) নগরীর নাইওয়ারপুরে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের পর জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উন্নয়নকাজে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় না থাকায় নগরবাসীকে বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি ও বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়েছে। সিউক সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যা দূর করবে। তিনি জানান, আগামী শীত থেকেই সিলেটের বিভিন্ন মেগা প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে।
উদ্বোধক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, সিলেটকে মাস্টার প্ল্যানের আওতায় এনে আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে। পাহাড়-টিলা ও জলাশয় রক্ষা, যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং অবৈধ ভবন নির্মাণ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।