মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৭
সারাদেশ

শ্রীমঙ্গলে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: আহ্বায়ক পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
20-08-2026 6,973 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শ্রীমঙ্গলে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: আহ্বায়ক পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


মৌলভীবাজার জেলা,প্রতিনিধি:মোঃআবদাল মিয়া:

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে নিয়মবহির্ভূত ও অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদ্য অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম (তাজু)।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুরে শহরের 'গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট' কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের শুরুতে মোহাম্মদ তাজুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং পরবর্তীতে তার পক্ষে সেলিম মাহমুদ মূল লিখিত বক্তব্যটি পাঠ করেন। 

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০০৫ সাল থেকে দলের কঠিন সময়ে সক্রিয় থেকে তিনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছেন। এর ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি ২০২৪ তারিখে মৌলভীবাজার জেলা বিএনপির সিদ্ধান্তে তাঁকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। তবে সম্প্রতি কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ (শোকজ) না দিয়ে এবং দলীয় গঠনতন্ত্র সম্পূর্ণ লঙ্ঘন করে তাঁকে পদ থেকে অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে, যা অত্যন্ত রাজনৈতিক প্রতিহিংসামূলক।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে দলীয় স্বার্থ ক্ষুণ্ন করে একতরফা ও অসচ্ছ প্রক্রিয়ায় একটি 'পকেট আহ্বায়ক কমিটি'র তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া গত ২৪ জুলাই ও ১০ আগস্টে অনুষ্ঠিত উপজেলা মিটিং সংক্রান্ত বিষয়ে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে তিনি ৫ দফা দাবি উত্থাপন করেন:

১. আহ্বায়ক পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।

২. নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘোষিত কমিটি স্থগিত রাখা।

৩. শ্রীমঙ্গল উপজেলা ও ইউনিয়ন বিএনপি গঠন প্রক্রিয়াকে একক ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত রাখা।

৪. নিয়মবহির্ভূত সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

৫. দলের ভেতরে বিভেদ সৃষ্টিকারীদের চিহ্নিত করা।

তিনি জোর দিয়ে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তিনি আশা করেন, দলের জ্যেষ্ঠ নেতৃত্ব শ্রীমঙ্গল উপজেলা বিএনপির চলমান বিশৃঙ্খলা নিরসনে দ্রুত নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদ্য অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়কের দাবির বিষয়ে জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়ার পর সেই তথ্য যুক্ত করে বিস্তারিত সংবাদ পরিবেশন করা হবে।