ইসতাক আলী চৌধুরী সিলেট স্টাফ রিপোর্টার :
তারিখ: ১৪ আগস্ট, ২০২৬ সিলেট: সিলেট নগরের ব্যস্ততম আম্বরখানা এলাকা থেকে একটি বিচ্ছিন্ন কাটা পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ১টার দিকে এলাকার একটি ময়লার ডাস্টবিন থেকে খণ্ডিত অংশটি পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্যরাতে আম্বরখানা এলাকার উক্ত ডাস্টবিনে একটি কাটা পা পড়ে থাকতে দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই খবরটি চারপাশে ছড়িয়ে পড়লে কৌতুহলী মানুষ ভিড় জমায়। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি সিলেট কতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করে।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা খণ্ডিত পা-টি উদ্ধার করে হেফাজতে নেয়। পা-টি কোনো নারী না পুরুষের, কিংবা এটি চিকিৎসার মাধ্যমে কেটে ফেলা অংশ নাকি কোনো হত্যাকাণ্ডের পর গুম করার উদ্দেশ্যে সেখানে ফেলা হয়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, ডাস্টবিন থেকে একটি মানুষের খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করে অপরাধী বা পা-টি ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
উদ্ধারকৃত পা-টি ময়নাতদন্ত ও ডিএনএ (DNA) পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে মূল রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছে পুলিশ।