বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
ইশতাক আলী চৌধুরী
সিলেট স্টাফ রিপোর্টার ২৫ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী কর্তৃক দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৫ নভেম্বর, ২০২৬) বিকেলে সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে নগরীতে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে গোপনে সংগঠিত হয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায়।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। কিন্তু নৈরাজ্য দমনে সরকারের ব্যর্থতা জনগণকে উদ্বিগ্ন করে তুলেছে। অবিলম্বে নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী দেশে শান্তি, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা চায়। কোনো ফ্যাসিস্ট গোষ্ঠীকে আর দেশে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। এজন্য দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সিলেটের মানুষ সব সময় অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল, আগামীতেও থাকবে।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।