বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
বরাবর,
মাননীয় সংসদ সদস্য (নেত্রকোণা-৪ আসন) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিষয়: মদন পৌরসভার অধীনে অটো, মিশুক ও সিএনজি থেকে আদায়কৃত ২০ টাকা টোল অবিলম্বে বাতিল এবং আজকের প্রাণহানির ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত প্রসঙ্গে।
জনাব,
আসসালামু আলাইকুম। যথাযথ সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, মদন উপজেলার একজন সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে এলাকার সাধারণ মানুষ, ক্ষুদ্র পরিবহন চালক ও নিত্যদিনের যাত্রীসাধারণের পক্ষ থেকে অত্যন্ত মর্মাহত, শোকাহত ও ক্ষুব্ধ হৃদয়ে আজ আপনাকে এই খোলা চিঠি লিখছি।
আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে, মদন পৌরসভা কর্তৃক অনুমোদিত ইজারাদারের মাধ্যমে অটো, মিশুক ও সিএনজি চালকদের কাছ থেকে প্রতিদিন ২০/- (বিশ টাকা) হারে টোল আদায়কে কেন্দ্র করে আজ একজন নিরীহ মানুষ নিহত হয়েছেন। একটি তুচ্ছ ও অনাকাঙ্ক্ষিত টোল আদায়ের ঘটনাকে কেন্দ্র করে এমন একটি মর্মান্তিক প্রাণহানি আমাদের পুরো মদনবাসীর জন্য চরম বেদনাদায়ক ও লজ্জাজনক।
রশিদে 'পৌরসভা অধ্যাদেশ ১৯৭৭'-এর কথা উল্লেখ করে এই টোল আদায় করা হলেও, বাস্তবতা হলো—পৌর এলাকার ভেতরে অটো, মিশুক ও সিএনজি থেকে এভাবে টোল আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই চালক, যাত্রী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, এই ধরনের অপরিকল্পিত ও জবরদস্তিমূলক টোল আদায় সবসময়ই এলাকায় অস্থিরতা সৃষ্টি করে। আজকের এই প্রাণহানির ঘটনা সেই দীর্ঘদিনের অসন্তোষ ও অব্যবস্থাপনারই চরম ও ভয়াবহ পরিণতি।
এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের চালকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে যে সামান্য আয় হয়, তার একটি অংশ টোলের নামে চলে যাওয়ায় তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল; পাশাপাশি এই অতিরিক্ত বোঝা পরোক্ষভাবে সাধারণ যাত্রীদের ওপরই চাপছিল। তার ওপর রশিদে চালকের নাম বা গাড়ির নম্বর না লিখেই কেবল টাকা আদায় করার মতো অনিয়ম ও অস্বচ্ছতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কিন্তু কোনোভাবেই মাত্র ২০ টাকার একটি টোলের কারণে একটি প্রাণ ঝরে যাওয়ার মতো ঘটনা মেনে নেওয়া যায় না।
মদন উপজেলার মাটি ও মানুষের নেতা হিসেবে আপনি সবসময় সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা ও ন্যায়বিচারের পাশে দাঁড়িয়েছেন। আজকের এই শোকাবহ ঘটনায় নিহতের পরিবার চরম অসহায়ত্বের মধ্যে পড়েছে এবং পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। এলাকার একজন সাবেক জনপ্রতিনিধি হিসেবে আমি বিশ্বাস করি, এই মর্মান্তিক ঘটনা ও চালক-যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি আপনার দৃষ্টিগোচর হলে আপনি দ্রুত ও কঠোর পদক্ষেপ নেবেন।
অতএব, মদনবাসীর পক্ষ থেকে মহোদয়ের নিকট আমার জোর দাবি ও আকুল আবেদন—
১. মদন পৌরসভার নামে অটো, মিশুক ও সিএনজি থেকে এই ২০ টাকা টোল আদায় অবিলম্বে স্থায়ীভাবে বন্ধ ও বাতিল করা হোক।
২. আজকের নিহত হওয়ার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং শোকসন্তপ্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা ও ন্যায়বিচার প্রদান করা হোক।
বিনীত নিবেদক,
এম এ সোহাগ
সাবেক ভাইস চেয়ারম্যান,
মদন উপজেলা পরিষদ, মদন, নেত্রকোণা।