বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনায় নিহত হয়েছেন জুলাইযোদ্ধা আব্দুল বারেক। দীর্ঘদিন ধরে যানবাহন থেকে টোলের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এ মর্মান্তিক ঘটনার পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। অপরাধী যে-ই হোক, দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার মদন পৌর এলাকায় সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকে টোলের নামে দীর্ঘদিন ধরে অর্থ আদায় করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বড় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে এককালীন ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা এবং ছোট অটোরিকশা থেকে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা আদায় করা হয়। পাশাপাশি প্রতিদিন গাড়িপ্রতি ২০ টাকা করে টোল নেওয়া হচ্ছে।
এলাকার নিরীহ মানুষ প্রতিবাদ না করায় টোল আদায়ের নামে এমন অনিয়ম ও চাঁদাবাজি দীর্ঘদিন ধরে চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। তবে সর্বশেষ ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক জুলাইযোদ্ধার মৃত্যুর পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সোমবার (২৩ নভেম্বর) নেত্রকোনার মদন পৌর এলাকায় চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনায় আব্দুল বারেক নামে এক বৃদ্ধ জুলাইযোদ্ধা নিহত হন। নিহত বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়ার মৃত আব্দুল গণির ছেলে। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে একটি চোখ হারিয়েছিলেন।
এ ঘটনায় আতিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে মদন থানা পুলিশ। আটক আতিকুল ইসলাম পৌরসভার বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার যানবাহন থেকে টোল আদায়ের জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নেন। টোল আদায়ের জন্য তিনি কয়েকজন আদায়কারীও নিয়োগ দেন। তবে অভিযোগ রয়েছে, টোল আদায়কারীরা স্থানীয় হওয়ায় কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করেই অর্থ আদায় করে আসছিলেন।
সোমবার ময়মনসিংহ থেকে মদনে আসার পথে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে মারামারির ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় থাকা অসুস্থ জুলাইযোদ্ধা আব্দুল বারেক ও তাঁর নাতি আরিফুল ইসলাম আহত হন। পরে তাঁদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।
আহত নাতি আরিফুল ইসলাম জানান, অটোরিকশাচালকের কাছে ২০ টাকা দেওয়ার মতো ভাংতি ছিল না, তাঁর কাছে মাত্র ৫ টাকা ছিল। পরে যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে টোল পরিশোধ করতে বলা হয়। কিন্তু যাত্রীদের কাছেও ভাংতি টাকা ছিল না। এ অবস্থায় টোল আদায়কারী টাকা ছাড়া অটোরিকশা ছাড়তে রাজি হননি।
একপর্যায়ে আরিফুল ইসলাম টোল আদায়কারীকে ১ হাজার টাকার একটি নোট দেন। ওই টাকা নিয়ে টোল আদায়কারী অন্যত্র সরে যাচ্ছিলেন। পরে অসুস্থ আব্দুল বারেক অটোরিকশা থেকে নেমে টাকার বিষয়ে জানতে চাইলে তাঁকে ধাক্কা দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উত্তেজিত জনতা আতিকুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুলাই আন্দোলনে চোখ হারানো এক যোদ্ধার এমন মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের টোল আদায়ের অভিযোগের বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।