বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কালনী (কুশিয়ারা) নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে কাজল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে নদীতীরবর্তী বসতবাড়ি ও মেদা বাজার। বালু উত্তোলনে বাধা দিতে গেলে এলাকাবাসীকে হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেদা বাজার, মুছাপুরসহ নদীর বিভিন্ন স্থানে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। গত ২০ নভেম্বর রাত ১টার পর মেদা বাজারসংলগ্ন এলাকায় ড্রেজার চালু করে বালু উত্তোলন শুরু করা হয়। এ সময় মুছাপুর ও আশপাশের কয়েকজন বাসিন্দা নদীর পাড়ে গিয়ে বালু উত্তোলনে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এলাকাবাসীকে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।
ঘটনাস্থলে বালু উত্তোলনের দৃশ্য ধারণ করতে গেলে ড্রেজারটি কার—এমন প্রশ্নের জবাবে কাজল মিয়া ক্ষুব্ধ হয়ে বলেন, ‘ড্রেজার আমার, তুই কে? ক্যামেরা কেন করছিস, ভিডিও কেন করছিস?’ এ সময় ভিডিও ধারণ বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ রয়েছে।
মেদা গ্রামের সাহাঙ্গীর মিয়া জানান, বাজারে যাওয়ার পথে তিনি দেখতে পান, মির্জাকান্দা গ্রামের কাজল মিয়া নদী থেকে বালু উত্তোলন করছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চিৎকার-চেঁচামেচি হয়। পরে তিনিও বালু উত্তোলনে নিষেধ করে সেখান থেকে চলে যান।
একই গ্রামের আব্দুল কাশেম অভিযোগ করে বলেন, কাজল মিয়া মুছাপুর মৌজা থেকে নিয়মিত বালু উত্তোলন করছেন। এ বিষয়ে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ দেওয়ার পরও বালু উত্তোলন বন্ধ হয়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, রাতে বালু উত্তোলনে বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। জরুরি প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা চাইতে ৯৯৯ নম্বরে ফোন করেও কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না বলে তাঁদের দাবি। ৯৯৯ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়, আবার ইউএনওর পক্ষ থেকে ৯৯৯-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা। এতে প্রশাসনিক সমন্বয় নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
তাঁদের আশঙ্কা, অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর তীরবর্তী এলাকা ভাঙনের কবলে পড়বে। ক্ষতিগ্রস্ত হতে পারে বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ মেদা বাজার।
এ বিষয়ে ড্রেজার মালিক হিসেবে অভিযুক্ত কাজল মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখানে ফুলাফাইনে ঝগড়া করছে, আমি থামিয়ে দিয়েছি। আর আবু সাঈদ সাংবাদিক গিয়ে ড্রেজারের ছবি তোলে। এত দিন কাশেমকে সঙ্গে নিয়ে বালু উত্তোলন করেছি, তখন কিছু বলেনি। এখন স্বার্থের ওপর আঘাত পড়েছে।’
এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি বিষয়টি জানিনা দেখি কি করা যায়।
স্থানীয়দের দাবি, কালনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক অভিযান পরিচালনা, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। নদী ও জনবসতি রক্ষায় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।