বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার (শাখা কোড: ০৮৬৫) কার্যালয়ের বারান্দায় গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
শাখা ব্যবস্থাপক অজিত চক্রবর্তী জানান, গভীর রাতে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যারা দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করছেন, এই আগুনের তাপ তাদের ঘরেও পৌঁছাতে পারে।
পুলিশ জানিয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।