বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীতে নিজ বাসার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় ইমতিয়াজ সুলতান ইকরাম ওরফে সুলতান ইকরাম নামে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ ইমতিয়াজ নগরীর মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সোমবার দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
এদিকে, এ হামলার ঘটনায় বড় সাজ্জাদ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ইমতিয়াজের স্ত্রী সূচি। তার দাবি, ৬ থেকে ৭ জনের একটি দল মোটরসাইকেলে করে এসে তার স্বামীকে লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীদের মধ্যে রায়হান, সাবের ও ইসমাইল নামে কয়েকজনকে তিনি শনাক্ত করেছেন বলে জানান। এর আগেও তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দুটি মামলা করেছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
সূচির অভিযোগ, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার ঘটনার জের ধরেই তার স্বামীর ওপর এ হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলা এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেপ্তার করেছিল।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।