বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
চট্টগ্রামে চোরাই গাড়ি খণ্ডাংশে বিক্রির পরিকল্পনা, অভিযানে উদ্ধার ইচারের ড্রাম ট্রাক
চট্টগ্রাম মহানগরীতে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয় ও খণ্ডাংশে বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)। এ সময় প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি চোরাই ইচারের ড্রাম ট্রাক উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে ডিবি-উত্তর বিভাগের ১ নম্বর টিমের পুলিশ পরিদর্শক হাছান আকতার আহমেদ ও আফতাব হোসেনের নেতৃত্বে ডিবি টিম-৩১ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে শওকত আলী ও আবু তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানার সাগরিকা সেনবাড়ি রোডে আবু মেস্ত্রীর গ্যারেজে অভিযান চালিয়ে একটি পুরাতন নম্বরবিহীন EICHER TERRA25 মডেলের ড্রাম ট্রাক উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্যারেজের মিস্ত্রি আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রীকেও গ্রেফতার করা হয়।
ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে চট্টগ্রামে এনে নিজেদের হেফাজতে রাখত। পরে গাড়িগুলো বিভিন্ন খণ্ডাংশে খুলে বিক্রির পরিকল্পনা করত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর ঢাকায় আবু তৈয়ব আলী গাড়িটি চুরি করে। পরে শওকত আলীর সহযোগিতায় বিশেষ পরিবহন ব্যবস্থায় গাড়িটি চট্টগ্রামে আনা হয়। এরপর আবু মেস্ত্রীর গ্যারেজে গাড়িটি খুলে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রির পরিকল্পনা করা হয়েছিল।
উদ্ধারকৃত ড্রাম ট্রাকটির আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা। গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চোরাই গাড়ি উদ্ধার ও চক্রের সদস্যদের গ্রেফতারে সিএমপির ডিবি-উত্তর বিভাগের এ অভিযান নগরীতে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।