বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগঠক মোহাম্মদ সোলায়মান রুবেলকে জড়িয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
মোহাম্মদ সোলায়মান রুবেল বলেন, গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জড়িয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন ও মনগড়া বক্তব্য ছড়িয়ে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি এলাকাবাসী ও তার শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের দুঃসময়েও পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও দলের পাশে থাকব। দীর্ঘদিন ধরে আমি এলাকায় সুনামের সঙ্গে বসবাস করে আসছি। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, আইন ও অন্যায়ের প্রশ্নে কোনো আপস করা উচিত নয়। কেউ প্রকৃতপক্ষে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার যথাযথ বিচার ও শাস্তি হওয়া উচিত। একই সঙ্গে কোনো ব্যক্তি রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে সংশ্লিষ্ট সংগঠনের বিধি অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বক্তব্যগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মোহাম্মদ সোলায়মান রুবেল বলেন, এসব অপপ্রচারের মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে তার সম্মানহানি ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।
তিনি তার প্রিয় শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, “আপনারা কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সত্যের জয় হবেই। অতীতেও আপনারা মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমার পাশে ছিলেন, আশা করি আগামীতেও পাশে থাকবেন।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তা যাচাই-বাছাই করে দেখার জন্যও তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বক্তব্যদাতা:
মোহাম্মদ সোলায়মান রুবেল
সাবেক সংগঠক, স্বেচ্ছাসেবক দল