বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
শ্রীমঙ্গল প্রতিনিধি : তাজুল ইসলাম।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান হতে -মোহাজেরাবাদ সড়কের নির্মাণকাজ শুরু করেও দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ও ধীরগতিতে থাকায় সড়কটির অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে।
এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করা গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কৃষক, বাগান মালিক, ব্যবসায়ী ও পর্যটকরাও ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসী জানান, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের সামনের অংশ থেকে রাধানগর-মোহাজেরাবাদ সড়ক দিয়ে প্রতিদিন লেবু, আনারসসহ বিভিন্ন কৃষিপণ্য শ্রীমঙ্গল শহরের বাজারে নিয়ে যেতে হয়। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই বেড়েছে। একই সঙ্গে চা-বাগানের কাঁচা চা পাতা ফ্যাক্টরিতে পাঠাতেও সমস্যায় পড়তে হচ্ছে বাগান মালিক ও সংশ্লিষ্টদের।
এলাকাবাসী বলেন, “সড়কের কাজ শুরু করার পর দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকায় রাস্তার অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে। প্রতিদিন চলাচল করতে গিয়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত কাজ শেষ করা প্রয়োজন। বিশেষ করে কোনো অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে হলে এই ভাঙাচোরা সড়ক দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে পড়ে। জরুরি রোগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছানোও কঠিন হয়ে যায়।”
আরো বলেন এই সড়ক দিয়ে প্রতিদিন অনেক পর্যটক চলাচল করেন। রাস্তার বর্তমান অবস্থায় পর্যটকরাও চরম ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার সময়ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কাজ শুরু করে এভাবে দীর্ঘদিন ফেলে না রেখে দ্রুত সম্পূর্ণ করা উচিত।”
এলাকাবাসীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উপজেলা প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে। পাশাপাশি সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সাময়িকভাবে সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করার দাবিও জানানো হয়েছে।
বিষয়টি নিয়ে এলাকাবাসী জরুরি বৈঠকও করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজ শুরু হওয়ার পর দীর্ঘ সময় ধরে কাজের গতি না থাকায় সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও ভাঙন আরও বেড়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি রোগী, গর্ভবতী নারী ও পর্যটকদের চলাচলেও বিরূপ প্রভাব পড়ছে।
এলাকাবাসীর দাবি, সড়কের নির্মাণকাজ আর দীর্ঘায়িত না করে অতি দ্রুত কাজ পুনরায় জোরদারভাবে শুরু করে সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত অংশগুলো চলাচলের উপযোগী রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, রাধানগর-মোহাজেরাবাদ সড়কটি শুধু এলাকাবাসীর যাতায়াতের পথ নয়; কৃষিপণ্য, চা পাতা পরিবহন এবং শ্রীমঙ্গলের পর্যটন যোগাযোগের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনদুর্ভোগ, রোগী ও গর্ভবতী নারীদের ভোগান্তি এবং পর্যটকদের চলাচলে সমস্যা কমাতে দ্রুত সড়কটির নির্মাণকাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।