বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
ইশতাক আলী চৌধুরী সিলেট স্টাফ রিপোর্টার ২০ সেপ্টেম্বর ২০২৬ :
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্যালয় থেকে বের হওয়ার পথে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন সংস্থাটির বঞ্চিত ডিলাররা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে টিসিবির সেবানির্ভর ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন শেষে বের হওয়ার পথে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘টিসিবি ডিলার সার্ভাইভাল মুভমেন্ট’ ব্যানারে কয়েকদিন ধরেই টিসিবি ভবনের সামনে অনশন করছেন সাবেক ডিলাররা। বাণিজ্যমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে এবং পরে বের হওয়ার সময় আন্দোলনকারীরা তার গাড়ির সামনে দাঁড়িয়ে যান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে কিছুক্ষণের জন্য ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি নিয়ে বের হওয়ার পথে গাড়ির জানালা নামিয়ে মন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। এ সময় তিনি তাদের সচিবালয়ে গিয়ে দেখা করার কথা বলেন এবং নিজের ভিজিটিং কার্ড দেন। যদিও পুলিশি সুরক্ষায় মন্ত্রী নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন।
ডিলারদের দাবি:আন্দোলনরত ডিলারদের অভিযোগ, অন্তর্বর্তী ও বর্তমান সরকারের সময় তাদের চুক্তি বাতিল করা হয়েছে। কারো চুক্তি সরকার বাতিল করে দিয়েছে, আবার কারো চুক্তির মেয়াদ শেষে নবায়ন করা হয়নি।
টিসিবি ডিলারস অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, "টিসিবি মনগড়া ডিলার নিয়োগ দিচ্ছে। অথচ যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের কাউকে বাতিল করেছে, কাউকে নবায়নের সুযোগ দিচ্ছে না। আমরা এর প্রতিকার চাই।"
তাদের মূল দাবি ২০২৫-২০২৬ সালের মেয়াদোত্তীর্ণ ডিলারশিপ চুক্তি অবিলম্বে নবায়ন করতে হবে। দীর্ঘদিন ধরে চুক্তি নবায়ন না হওয়ায় তারা ব্যবসায়িক ও মানসিকভাবে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানান।
মন্ত্রীর বক্তব্য:এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, "আন্দোলনকারী ডিলারদের বলা হয়েছে সচিবালয়ে আসতে। তাদের কথা শুনব। দাবির যৌক্তিকতা থাকলে তারা নিশ্চয়ই প্রতিকার পাবেন।"
সূত্র জানায়, আগামী রোববার আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে তাদের দাবি-দাওয়ার বিষয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে মন্ত্রী জানান, টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল কার্ড ও অনলাইন ব্যবস্থাপনা চালু করা হচ্ছে। এই আধুনিকায়নের অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ৫৯ লাখ অযোগ্য ও ভুয়া সুবিধাভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।