বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
ইশতাক আলী চৌধুরী স্টাফ রিপোর্টার সিলেট:
একজন চাকরি পেলে পরিবারের ৩-৪ জনের চাকরি নিশ্চিত, অযোগ্যদের দৌরাত্ম্যে অসহায় শিক্ষিত বেকাররা।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নগর ভবন এখন আর জনসেবার প্রতিষ্ঠান নয়, যেন কর্মকর্তা-কর্মচারীদের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নগর ভবনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে।
অনুসন্ধানে যা জানা গেছে:
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র ও নগর ভবনের ভেতরের কর্মচারীরা জানান, যদি কোনোভাবে সিলেট নগর ভবনে একজনের চাকরি হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে ওই পরিবারের নিকট আত্মীয়স্বজনসহ শ্বশুরবাড়ির পক্ষের কমপক্ষে দুই থেকে চারজনের চাকরি নিশ্চিত হয়ে গেছে।
অভিযোগ রয়েছে, দক্ষতা বা শিক্ষাগত যোগ্যতা থাকুক বা না থাকুক, বেশিরভাগ ক্ষেত্রে অযোগ্য ও অশিক্ষিতদেরই টাকার বিনিময়ে বা স্বজনপ্রীতির মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়। নিয়ম-নীতি ও মেধার কোনো তোয়াক্কাই করা হয় না।
যোগ্যরা বঞ্চিত, বেকারদের হাহাকার:
সবচেয়ে দুঃখের বিষয় হলো, এতে করে সিলেটের অসংখ্য যোগ্য, শিক্ষিত ও মেধাবী ছেলে-মেয়ে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। চাকরির আশায় তাদের নীরব কান্না দেখার যেন কেউ নেই। পরিবারের বোঝা হয়ে তারা অভিশপ্ত জীবন ও গভীর হতাশা নিয়ে বেঁচে আছে।
একজন চাকরি প্রত্যাশী বলেন, "আমরা মাস্টার্স পাশ করে ফাইল হাতে নগর ভবনে ঘুরি, আর অষ্টম শ্রেণি পাশ লোকেরা মামা-খালুর জোরে চাকরি করে। এ যেন দেখার কেউ নেই।"
নাগরিকদের দাবি: নগরবাসীর দাবি, সিলেট নগর ভবনের সকল নিয়োগে স্বচ্ছতা আনা হোক। তৃতীয় পক্ষের মাধ্যমে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। স্বজনপ্রীতি ও পারিবারিক সিন্ডিকেট ভেঙে দিয়ে যোগ্যদের সুযোগ দেওয়া হোক।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই হচ্ছে সিলেট নগর ভবনের বর্তমান বাস্তব চিত্র। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল।