বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
*নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল*
শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে অবস্থিত ‘ফ্যামিলি বাজার’ নামক প্রতিষ্ঠানে তাজা মুরগির আড়ালে মরা মুরগি বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে। শুধু কর্মচারীরা নয়, প্রতিষ্ঠানের মালিকের জানা অবস্থাতেই এই কাজ চলত বলে স্বীকার করেছেন প্রতিষ্ঠানের প্রোপাইটর।
গত ১৫ আগস্ট শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মালিক মাসুমুর রশিদ মাসুম বলেন, "অতিরিক্ত গরমে কিছু মুরগি মারা গেলে স্টাফরা তা আলাদা করে রাখত। কুকুর বা চিড়িয়াখানার পশুপাখির খাবারের জন্য ক্রেতারা এলে খুব অল্প দামে তা বিক্রি করে দিত। এই টাকা স্টাফরাই নিত, আমরা নেই না।"
এর আগে সাংবাদিক রোমানা আক্তার শিপার লিখিত অভিযোগ ও ভিডিও প্রমাণের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় শুনানি করে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে। শুনানিতে কর্মচারীরাও মরা মুরগি বিক্রির বিষয়টি স্বীকার করেন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষ্ঠানের ভেতরে কী ঘটছে তার দায় মালিককেই নিতে হবে। মালিকের জানা অবস্থায় এমন অনৈতিক কাজ হলে দায় এড়ানোর সুযোগ নেই।
এ বিষয়ে ইসলামি বিশেষজ্ঞরা জানান, খাবারের জন্য মরা পশু-পাখি বিক্রি ও খাওয়া ইসলামে সম্পূর্ণ হারাম। মালিক যদি জেনেও বন্ধের ব্যবস্থা না নেন, তবে তিনিও এই হারাম উপার্জনের অংশীদার।
সংবাদ সম্মেলনে মালিক ভবিষ্যতে আর কোনোভাবেই মরা মুরগি বিক্রি হবে না বলে অঙ্গীকার করেন।